ডেস্ক রিপোর্ট: ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে ২১টি হলের মধ্যে ১৭টির। এর মধ্যে পাঁচটি হলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়েছে।
মীর মশাররফ হোসেন হলে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব (১৯১ ভোট), জিএস শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট) এবং এজিএস আরাফাত (১৭৯ ভোট)। জুবায়ের শাবাব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী।
এছাড়া শহীদ সালাম-বরকত হলে ভিপি হয়েছেন রসায়ন বিভাগের মারুফ, ১০ নম্বর ছাত্র হলে (সাবেক মুজিব হল) ভিপি হয়েছেন আসিফ মিয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি হয়েছেন রাকিবুল ইসলাম এবং আ ফ ম কামালউদ্দিন হলে ভিপি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের জি এম রায়হান কবীর।
এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ৩ জন, যা মোট ভোটারের প্রায় ৬৮ শতাংশ। তবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। শুক্রবার দুপুর নাগাদ পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
