
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ভূমিধ্বস বিজয় লাভ করেছে। এমন একক জয়লাভের মধ্য দিয়ে ছাত্র-শিবির ডাকসু নির্বাচনের ইতিহাসে সূচনা করেছে নতুন অধ্যায়ের।
বুধবার (১০ সেপ্টেম্বর) সারারাত থেকে সকাল পর্যন্ত চলে টানটান উত্তেজনা। অবশেষে সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বিশাল ব্যবধান নিয়ে ভিপি নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম। তার প্রাপ্ত সর্বমোট ভোটসংখ্যা ছিল ১৪,০৪২টি।
ঘোষিত ফলাফলে সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন সর্বমোট ৫,৭০৮টি ভোট। এছাড়াও ভিপি পদে শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৩৩৮৯ টি ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩৮৮৩ টি এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী জোটের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১১০৩ টি ভোট।
ভিপি আসন ছাড়াও সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদেই জয় পেয়েছে ছাত্র শিবির প্যানেল সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্যে-

সাধারণ সম্পাদক (জিএস) পদে ১০৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন এস. এম. ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানভীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট। এছাড়া বামপন্থী সংগঠনের মেঘমোল্লার বসু ভোট পেয়েছেন ৪৯৪৯ টি।
একইভাবে সহ-সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন শিবিরের মহিউদ্দিন খান। তার প্রাপ্ত ভোটসংখ্যা ১১৭৭২ টি। এ পদে ৫০৬৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
উৎসবমুখর পরিবেশে অনেক বছর পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। দিনের বেলা ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় অপেক্ষার প্রহর। ভোটবাক্সে রেকর্ড পরিমাণ ভোট পড়ায় গণনা সম্পন্ন করতে বেগ পেতে হয় নির্বাচন কর্তৃপক্ষের।
সারারাত ধরে ভোর পর্যন্ত বিভিন্ন হল থেকে পৃথকভাবে আসা ফলাফল যেন শুধু উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটে সকালবেলার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা এবং ২০২৫ সালের ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়ের মাধ্যমে।
আরও পড়ুন: ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ: ফারুকী
Find us on Facebook
