নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাখার সেনা কল্যাণ ভবনে অবস্থিত ওই লকারটি (নং-১২৮) জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
তিনি জানান, লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে। ইতোমধ্যে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। তিনি আরও বলেন, “বিস্তারিত পরে জানানো হবে।”
এনবিআর সূত্রে জানা যায়, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে এটি খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
