
ডেস্ক রিপোর্ট: শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় আরেক ধাপ এগিয়ে গেলেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোলের পর নতুন রেকর্ডের একদম দ্বারপ্রান্তে পর্তুগিজ এই মহারথী।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের বিতর্কে মেসি আর রোনালদো যেন থামছেই না। ক্যারিয়ারের শেষ সীমানায় এসেও আলো ছড়িয়ে যাচ্ছেন তরুণদীপ্ত তারকাদের মতোই। তবে সম্প্রতি মেসিকে ছাড়িয়ে আরেক ধাপ এগিয়ে গেছেন রোনালদো।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গতকাল আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। প্রথমার্ধের মাত্র ১০ মিনিটের মাথায় জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে নিজের গোলের দেখা পেতেও খুব বেশি সময় নেয়নি রোনালদো। ম্যাচের ২১ মিনিটের মাথায় গোলের খাতায় নাম লিখিয়ে ফেলেন তিনি। এরপর জোয়াও ক্যানসেলো মাঝখানে ভাগ বসালেও খেলার ৪৬ মিনিটে ফের গোল করেন রোনালদো।
শেষমেশ ম্যাচের দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্স আবারও গোল করলে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় পর্তুগাল। মেসিকে ছাড়াতে এই ম্যাচে রোনালদোর প্রয়োজন ছিল একটি গোলের। তবে জোড়া গোলের মাধ্যমে তা ছাড়িয়ে রেকর্ড ছুঁইছুঁই অবস্থায় আছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী গুয়াতেমালার কার্লোস রুইস। ৪৭ ম্যাচে ৩৯ গোল নিয়ে এখনও শীর্ষে রুইস। তবে রোনালদো এই রেকর্ড ভাঙতে প্রয়োজন আর মাত্র ২টি গোল। গতকালের জোড়া গোলের পর রোনালদোর গোল সংখ্যা ৪৮ ম্যাচে ৩৮টি। অন্যদিকে মেসির ঝুলিতে গোলসংখ্যা ৭২ ম্যাচে ৩৬টি।
