ডেস্ক রিপোর্ট: তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন ইতোমধ্যেই ভৌতিক ধারার চলচ্চিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শেয়ার করেন তার চলচ্চিত্র নির্মাণের পথচলা, বাংলাদেশে হরর ঘরানার চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা।

নুহাশ স্পষ্ট করে বলেন, তিনি চান বাংলাদেশের চলচ্চিত্র যেন জাতীয় সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছে যায়। তার কাজ ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে এবং আন্তর্জাতিক দর্শকের প্রশংসা পাচ্ছে বলেও জানান তিনি।
প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করতে গিয়ে নুহাশ বলেন, “আমার প্রথম অভিজ্ঞতা ছিল ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটির একটি গল্প আমি পরিচালনা করেছিলাম। সেখানকার দর্শকরা বিভিন্ন দেশের ছিলেন, এবং তারা চলচ্চিত্রটি উপভোগ করছিলেন। আমার অংশে কিছু কমেডি ছিল, আর দর্শকরা তা দেখে হেসেছিলেন। সেই অভিজ্ঞতা আমার জীবন বদলে দেয়। আমি বুঝতে পারি, আমার কাজ শুধু দেশের জন্য নয়, এর আন্তর্জাতিক মূল্যও রয়েছে।”
এই অভিজ্ঞতাই তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। নুহাশ বলেন, এরপর থেকেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজ পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছেন। “আমি চেয়েছি আমাদের কাজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাক, যাতে সারা বিশ্বের মানুষ তা উপভোগ করতে পারে। এজন্য পরবর্তী চলচ্চিত্রগুলোতে আমি আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।”

দেশে ও বিদেশে খ্যাতির পার্থক্য প্রসঙ্গে নুহাশ বলেন, “সত্যি বলতে, বাংলাদেশে বা বিশেষ করে ঢাকায় বিখ্যাত হওয়া খুব সহজ। কেউ চাইলে সহজেই সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার হতে পারে, কারণ আমাদের শহর ও দেশ ছোট। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেওয়া কঠিন। সেটাই আমাকে টেনেছে। আমি শুধু আমার চলচ্চিত্র আন্তর্জাতিক দর্শকের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি।”
সূত্র : দ্য ডেইলি স্টার
Find us on Facebook: Dhakachat
