চট্টগ্রাম বন্দর। ছবি DhakaChat
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দর আবারও নতুন মাইলফলক ছুঁয়েছে। আগস্ট মাসে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) রেকর্ড ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডল করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭.৬ শতাংশ বেশি। এ অর্জনের পর ২০২৫ সালের শেষ নাগাদ বছরে ৩৭ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এনসিটির প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) ব্যবস্থাপনা নেওয়ার পর থেকে কার্যক্রমে গতি এসেছে। জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমেছে, বহির্নোঙরে অপেক্ষার সময় হ্রাস পেয়েছে এবং সামগ্রিক দক্ষতা বেড়েছে। ফলে আগস্টে রেকর্ড পরিসংখ্যান অর্জন সম্ভব হয়েছে।
২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২.৭৫ লাখ টিইইউএস কনটেইনার পরিচালনা করেছে, যা আগের বছরের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। তবে লয়েড’স লিস্ট ওয়ান হান্ড্রেড পোর্টস ২০২৫ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বন্দরটি ৬৮তম স্থানে নেমে এসেছে, কারণ সৌদি আরবের দাম্মাম বন্দর এগিয়ে গেছে।
বাংলাদেশের ৯০ শতাংশের বেশি আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয় এই বন্দর দিয়ে। তবে অতীতে জাহাজ জট, বিলম্ব এবং ধীর ডেলিভারির কারণে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছিলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে নিউ মুরিং টার্মিনাল সিডিডিএলকে হস্তান্তর করার পর আশা করা হচ্ছে চট্টগ্রাম বন্দর দ্রুতই একটি আঞ্চলিক হাবে পরিণত হবে।
