
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আদালতের এ আদেশের ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা থাকল না। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।
তিনি জানান, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
এর আগে, বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে করা রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। এবারের নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ স্বতন্ত্রভাবে প্যানেল দিয়েছে। এছাড়া বামপন্থী সংগঠনগুলো দুটি ভিন্ন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। পূর্ণ ও আংশিক সবমিলিয়ে প্রায় ১০টি প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে।
