
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই নির্বাচন স্থগিত থাকবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্ট।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলেন বামজোট সমর্থিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদ আলম। তার দায়ের করা রিটের শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত দেয়।
রিটকারীর আইনজীবী আদালতে দাবি করেন, জিএস প্রার্থী এস এম ফরহাদের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। এবারের নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ স্বতন্ত্রভাবে প্যানেল দিয়েছে। এছাড়া বামপন্থী সংগঠনগুলো দুটি ভিন্ন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। পূর্ণ ও আংশিক সবমিলিয়ে প্রায় ১০টি প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে।
