
ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে “পাগল” খেতাব প্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে বেশ কিছু ক্ষ্যাপাটে পদক্ষেপ গ্রহণ করেছেন। যার ফলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে সৃষ্টি হয়েছে অস্থিরতা।
গৃহীত পদক্ষেপসমূহের মাঝে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে বিভিন্ন দেশের উপর লাগামহীন শুল্কারোপ। তার শুল্কনীতির হাত থেকে রেহাই পাননি ট্রাম্পকে নিজের পরম বন্ধু হিসেবে লাগাতার পরিচয় দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথম দফায় ভারতের বিভিন্ন পণ্যের উপর গত জুলাই মাসে ২৫ শতাংশ শুল্কারোপ করে ট্রাম্প প্রশাসন। অতঃপর দ্বিতীয় দফায় চলতি মাসের (আগস্ট) ২৭ তারিখ শুল্কের মাত্রা বাড়িয়ে দ্বিগুণ করলে তা দাঁড়ায় ৫০ শতাংশে।
যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্যের আকার নেহাত কম নয়। ভারত প্রতিবছর প্রায় সাড়ে ৮৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে থাকে মার্কিন বাজারে। বাংলাদেশি টাকায় যার হিসাব দাঁড়ায় প্রায় ১০.৫৩ লক্ষ কোটি টাকা এবং ভারতীয় রূপিতে এর মান প্রায় ৭.২৩ লক্ষ কোটি রুপি।
নয়া-দিল্লি ভিত্তিক থিংক ট্যাঙ্ক “দ্য গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ” (জিটিআরআই)-এর মতে, আকাশচুম্বী শুল্কনীতির ধাক্কায় মার্কিন বাজারে রপ্তানি কমে প্রায় ৫০ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। যার ফলে ভারতের অর্থনীতিতে সৃষ্টি হতে পারে নাজুক পরিস্থিতি।
এর আগে কয়েক দফার আলোচনায় মার্কিন প্রশাসন নয়া দিল্লিকে রাশিয়ার সাথে মিত্রতা প্রশমন করে আমদানি কমানোর জন্য চাপ প্রয়োগ করে। তবে মোদী সরকার ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করায় যুক্তরাষ্ট্রের এমন মারাত্মক পদক্ষেপ।
সূত্র: আল জাজিরা
