ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নের জন্য নতুন কোয়ালিটি অব সার্ভিস (QoS) বেঞ্চমার্ক চালু করা হয়েছে। নতুন নীতিমালার মাধ্যমে ফোরজি নেটওয়ার্কের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে, যা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এ বিষয়ে রোববার (৩১ আগস্ট) ফেসবুকে প্রধান উপদেষ্টা ও টেলিযোগাযোগ বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, নতুন কিউওএস নীতিমালার মাধ্যমে অপারেটরদের সেবার মান পর্যবেক্ষণ করা হবে এবং মাসিক ভিত্তিতে নেটওয়ার্ক পারফরম্যান্স ও হেলথ চেক রিপোর্ট জমা দিতে হবে।
তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশে এই উদ্যোগটি নতুন হলেও এটি আন্তর্জাতিক মানদণ্ডের একটি চর্চা। ড্রাইভ টেস্টে ভয়েস সেবা ও ডেটা সংযোগের মান নিশ্চিত করতে নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
- ফোরজি ডাউনলোড স্পিড সর্বনিম্ন ১০ এমবিপিএস, আপলোড ২ এমবিপিএস।
- কলড্রপের হার ২জি নেটওয়ার্কে সর্বোচ্চ ১ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ১.৫ শতাংশ।
- ভোল্টি (VoLTE) এবং ডেটা সংযোগে গড় ব্যবহারকারীর মান সূচক ন্যূনতম ৩.৫।
নতুন নীতিমালায় তিনটি মূল সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে: অ্যাক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি এবং নেটওয়ার্ক ইনটিগ্রিটি। অপারেটররা মাসিক ভিত্তিতে এই সূচকগুলোর রিপোর্ট বিটিআরসিতে জমা দেবে। সবচেয়ে খারাপ পারফর্ম করা সেলগুলোও আলাদা করে চিহ্নিত করা হবে।
ফয়েজ আহমদ বলেন, “বাংলাদেশে অনেক সেবা প্রদানকারী ফোরজিতে পর্যাপ্ত বিনিয়োগ করেনি। নতুন কিউওএস নীতিমালা নাগরিকদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে এবং অপারেটরদের জবাবদিহি নিশ্চিত করবে। এছাড়া দুর্বল এলাকায় দ্রুত সমস্যা সমাধানেও সহায়তা করবে।”
ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনি সেবার জন্যও নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এতে কলড্রপ সর্বোচ্চ ১ শতাংশ, কল সেটআপ সাফল্য ৯৯ শতাংশের বেশি এবং গ্রাহকসেবা কল রিসিভ টাইম সীমিত করা হয়েছে।
নতুন কোয়ালিটি অব সার্ভিস নীতিমালা কার্যকর হলে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের সেবার মান উন্নত হবে এবং গ্রাহকদের জন্য আরও স্বচ্ছ ও দায়বদ্ধ সেবা নিশ্চিত হবে।
