
ডেস্ক রিপোর্ট: গত ২৮ আগস্ট আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ ঘোষণার পর থেকে রাজনৈতিক দলগুলোর পৃথক জোট করার গুঞ্জন শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে চায় বাকি দলগুলো।
নির্বাচনী রোডম্যাপ বিএনপিকে সন্তুষ্টি এনে দিলেও অনেক দলই জোরালো হতাশা প্রকাশ করেছে। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য।
জুলাই সনদ কার্যকর করার পূর্বে নির্বাচনী রোডম্যাপ দেওয়া স্পষ্টত জনগণের প্রতিশ্রুতির বিরোধিতা বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পাশাপাশি এটিকে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ তাহের।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত রোডম্যাপকে জনগণের আকাঙ্ক্ষার বিরোধী আখ্যা দেয় এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলে।
রাজনৈতিক জোট: দুই দলীয় ভিত্তিক রাজনীতির বাইরে বাংলাদেশের জনগণ বহু বছর পর এক নতুন ধারার নির্বাচনী পরিবেশ দেখতে পাচ্ছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি একটি ভালো অবস্থানে থাকায় অন্যান্য দলগুলো পৃথক জোটের ইঙ্গিতও দিচ্ছে বলে গুঞ্জন শোনা যায়।
এক্ষেত্রে ইসলামি দলগুলো একত্রে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নামতে চায়—তাদের বিভিন্ন সমাবেশের বক্তব্যে তা স্পষ্ট। তাদের জোট গঠনে ৮টি ইসলামি দলের একত্র হওয়ার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে এখন পর্যন্ত।
পরিকল্পনা ও সবকিছু ঠিকভাবে বাস্তবায়ন হলে তফসিল ঘোষণার পর নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে।
তাদের জোট সমীকরণে এখন পর্যন্ত যারা রয়েছে:
১. ইসলামী আন্দোলন বাংলাদেশ
২. বাংলাদেশ খেলাফত মজলিশ
৩. ইসলামী ঐক্যজোট
৪. বাংলাদেশ জামায়াতে ইসলামী
৫. খেলাফত মজলিস
৬. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
৭. নেজামে ইসলাম পার্টি
৮. খেলাফত আন্দোলন
যদিও দলগুলোর মধ্যে পারস্পরিক আকিদা ও আদর্শগত বিরোধ রয়েছে, তবে ফ্যাসিবাদবিরোধী জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে দলগুলোর ঐক্য সম্ভব হয়েছে বলে মনে করা হয়।
দেশের ইসলামি দলগুলোর আরেকটি উল্লেখযোগ্য দাবি হলো সংখ্যানুপাতিক নির্বাচন। বাংলাদেশে প্রচলিত নির্বাচন ব্যবস্থাই ফ্যাসিবাদ তৈরি করার জন্য যথেষ্ট উল্লেখ করে ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচার না হয়ে উঠতে পারে, এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভাব্য এই জোটের অধিকাংশ দল।
নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে বিএনপি আশাবাদী। তবে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির ব্যাপারে প্রবল বিরোধী অবস্থান ধরে রেখেছে দলটি।
