ডেস্ক রিপোর্ট: খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে নাটকীয়ভাবে ধরা পড়েছে অজ্ঞান পার্টির এক সদস্য। যাত্রীদের অজ্ঞান করার জন্য দেওয়া জুস নিজেই পান করে অচেতন হয়ে পড়েন তিনি।
শনিবার ভোরে ট্রেনের ঝ বগির ৭৮ ও ৭৯ নম্বর সিটে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম ফুল মিয়া।
রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীবেশে ট্রেনে উঠে ফুল মিয়া দিনাজপুরের বিরামপুর থেকে আসা কৌশিলা রায় ও তাঁর মেয়ে বীথি রায়কে আলাপের একপর্যায়ে জুস খাওয়ার প্রস্তাব দেন। জোরাজুরিতে তারা জুস পান করলে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়েন। এ সময় ফুল মিয়া তাঁদের কানের দুল ও নাকফুল খুলে নেন।
পাশের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম ঘটনাটি টের পেয়ে হাতেনাতে ফুল মিয়াকে আটক করেন। সন্দেহভাজনকে জুস খাওয়ানো হলে সেও অজ্ঞান হয়ে পড়ে। এতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়।
খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে পুলিশ এসে ফুল মিয়া ও অজ্ঞান দুই নারী যাত্রীকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ-উন নবী বলেন, কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্রনাথ রায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
