ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে আসেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ। তিনি হামলাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
স্নিগ্ধ বলেন, “আজ ভিপি নূরের ওপর হামলা হয়েছে, আগামীকাল আমাদের বা আপনাদের ওপর হামলা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই।” তিনি দাবি করেন, শুধু চলতি বছর নয়, নুরুল হক নূর আগে থেকেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, এজন্যই তার ওপর হামলা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, হামলাকারীরা নূরকে সিঁড়িতে ফেলে মারধর করেছে, যা ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ। স্নিগ্ধ অভিযোগ করেন, এ ধরনের ঘটনার প্রমাণ দেখায় যে আইনশৃঙ্খলা বাহিনী এখনও ফ্যাসিস্টদের পক্ষে কাজ করছে।
জাতীয় পার্টির প্রসঙ্গ টেনে স্নিগ্ধ বলেন, ২০১৮ সালের নির্বাচনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি দাবি করেন, “জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা আসন্ন নির্বাচনকে ফ্যাসিবাদবিরোধী হিসেবে মেনে নেব না।”
স্নিগ্ধের কথায়, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবাই একত্রিত। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে রাখা সরকারের দায়িত্ব, যা বর্তমানে দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হামলার পুরো দায়ভার সরকারকেই নিতে হবে।
