ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে সমতল ক্ষুদ্র জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জনগোষ্ঠীর নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করা হবে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি বিএনপির আস্থা রয়েছে। তিনি জানান, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফায় সব জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক-অর্থনৈতিক অধিকার সুরক্ষার অঙ্গীকার স্পষ্টভাবে উল্লেখ আছে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে এবং সেখানে সব জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ দলের শীর্ষ নেতারা। দেশের সমতল অঞ্চলের ১২ জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এ সমাবেশে অংশ নেন।
