
ডেস্ক রিপোর্টঃ দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে রাজনৈতিক দলগুলো।
আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ কথা জানান।
শফিকুল আলম বলেন, চলমান সংকট ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন একাধিক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তারা সহ আরও বেশ কয়েকজন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক হামলার ঘটনাকে নিন্দাজনক উল্লেখ করে প্রেস সচিব বলেন, উক্ত ঘটনার তদন্তে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনসহ বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনার পর নূর এবং তার পরিবারের সাথে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নূরের সর্বোচ্চ চিকিৎসা ও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব স্পষ্ট করে বলেন, আগামী বছর ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্র নির্বাচনকে ব্যাহত করতে পারবে না বলেও তিনি জানান।
