
ডেস্ক রিপোর্টঃ দলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হবে, এবং তাদের রক্ষা করার মতো কেউ থাকবে না।
দীর্ঘ ১৭ বছর পর আজ শনিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, “যতই হাঁকডাক দেন, দেশে ফিরতে পারবেন না। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার রাজনীতি করার কোনো সুযোগ নেই। এজন্য বিএনপির সব নেতা-কর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
গতবছর ছাত্রজনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা এবং বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ওপর চাপিয়ে আমান বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে, আর সেটি জেনেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার একটি বক্তব্য উত্থাপন করে আমান বলেন, “তিনি বারবার বলতেন, শেখ মুজিবের মেয়ে পালায় না। অথচ আজ শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন।”
২০০৮ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা বিএনপির এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলার শত শত কর্মী-সমর্থক।
আরও পড়ুন- গুমমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপি নেতা সালাহউদ্দিনের
Find us on Facebook- DhakaChat
