
ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে শহরের ‘মেসার্স গোপাল কৃষ্ণ বণিক’ নামে একটি খাদ্যদ্রব্যের গুদামে ভেজাল পণ্য মজুদ রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন এ প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও যৌথবাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। এসময় গুদাম থেকে অলিভ ওয়েল, লবণ, চানাচুর, সেমাই ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ করা হয়।
অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, কমলনগর উপজেলা খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ জানান, নকল ও নিম্নমানের পণ্য সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩২ (ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। এটি প্রথম অভিযান হওয়ায় প্রতিষ্ঠানকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। মালিক প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে অবৈধ ও কাগজপত্রবিহীন পণ্য গুদামে রাখবেন না।
