ডেক্স রিপোর্টঃ আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা বলয়ের ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম, দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনী এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান নেবে, খবর বাসস।

চিফ রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, প্রয়োজন অনুযায়ী সেনা সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং ভোট শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ থাকবে না।
ভোটের সাত দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এ নির্দেশনা কার্যকর করা হবে। একই নিয়ম ছাত্রী হলের ক্ষেত্রেও কঠোরভাবে অনুসরণ করা হবে। নির্বাচনের আগের দিন ৮ সেপ্টেম্বর ও ভোটের দিন ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের দিন ক্যাম্পাস সম্পূর্ণ সিলগালা থাকবে। শুধুমাত্র বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন।
ক্যাম্পাসের বাইরে বসবাসকারী শিক্ষার্থীদের ভোটদানে সহায়তার জন্য বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সার্বিক সহযোগিতা করবে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের সব শাখা ইতোমধ্যে সক্রিয় রয়েছে এবং টহল টিমও প্রস্তুত।
সভায় সভাপতিত্ব করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এস এম শামীম রেজা, অধ্যাপক ড. তারিক মনজুর, সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং হল পর্যায়ের অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা।
