
ডেস্ক রিপোর্ট: বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি কখনোই পকেট ভারী করার জন্য নয়, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়।
তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের জন্য, সম্মানের জন্য। যারা ব্যক্তিস্বার্থে পকেট ভারী করার জন্য রাজনীতি করতে চান, তাদের বিএনপিতে জায়গা নেই। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।’
রবিবার (২৪ আগস্ট) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপজেলা সদর হাজিরহাট বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরও জানান, আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। তিনি দুর্নীতি দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পরিকল্পনা করছেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে নুরুল হুদা চৌধুরী সভাপতি, গোলাম কাদের সিনিয়র সহসভাপতি ও এম দিদার হোসেন সদস্যসচিব নির্বাচিত হন।
