
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে নারী ও শিশুসহ দুই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে হিরাজিল গ্রামে আধা সেমি পাকা একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—
তানজিল ইসলাম (৪০), স্ত্রী আসমা বেগম (৩৫), কন্যা তৃষা আক্তার (১৭) ও পুত্র আরাফাত (১৫)
হাসান (৩৫), স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও নবজাতক ইমাম উদ্দিন (১ মাস)
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নয়জনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে সালমা (৪৮%), তৃষা (৫৩%), হাসান (৪৪%), জান্নাত (৪০%), মুনতাহা (৩৭%), আসমা (৪৮%), ইমাম উদ্দিন (৩০%) এবং আরাফাতের (১৫%) শরীর দগ্ধ হয়েছে। তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। খবর ইউএনবি
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা হাসানের ছোট ভাই রকিবুল বলেন, “আমার ভাই ও তার ভায়রা ভাই দিনমজুরের কাজ করতেন। একই বাসায় দুই পরিবার নিয়ে বসবাস করছিলেন। রাতে হঠাৎ গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পরিবারের সবাই দগ্ধ হয়।”
বর্তমানে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
