
ডেস্ক রিপোর্ট: গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত ঘটনাসমূহের মধ্যে এখন পর্যন্ত ২৬ মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারার মামলা রয়েছে।
পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতায় দায়ের হয়েছিল। অন্যদিকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুরসহ ঢাকা, বরিশাল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অধীনে দায়ের হওয়া ১৮ মামলায়ও চার্জশিট দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, হত্যা মামলাগুলোতে আসামির সংখ্যা ১ হাজার ১৫৩ জন এবং অন্যান্য ধারার মামলায় ৬৮২ জন।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি মামলার তদন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড়ভাবে তদারকি করছেন। অবশিষ্ট মামলাগুলো দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচারের আওতায় আনার কাজ চলছে।
