ডেস্ক রিপোর্ট: সড়কে দুর্ঘটনা কমাতে ও নির্বিঘ্ন যান চলাচলের স্বার্থে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ দাবিতে বুধবার (২০ আগস্ট ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে। খানাখন্দে ভরা এই মহাসড়কে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে সাধারণ মানুষকে ভোগান্তির পাশাপাশি যাত্রী ও চালকদের জীবনের ঝুঁকি বাড়ছে।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, “লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তা পর্যন্ত এই মহাসড়কটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান যোগাযোগ পথ। অথচ অবহেলা ও সংস্কারের অভাবে এটি এখন প্রায় অচল হয়ে পড়েছে। তাই দুর্ঘটনা রোধ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা অপরিহার্য।”
সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর জেলা শহরের বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত থেকে একই দাবি জানান এবং সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
