পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের ২য় পর্যায়ের প্রতিবেদন উপদেষ্টার নিকট পেশ

ডেস্ক রিপোর্ট: পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে।
আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।
২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে পদোন্নতিতে বঞ্চিত হয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। জনপ্রশাসন, অর্থ ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এতে অন্তর্ভুক্ত ছিলেন।
প্রথম ধাপে উপসচিব ও তদূর্ধ্ব পদে বঞ্চনার অভিযোগ পর্যালোচনা শেষে গত বছরের ১০ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের আবেদন আহ্বান করা হলে ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১০৮টি আবেদন তথ্যগত ত্রুটি বা কমিটির আওতার বাইরে থাকায় গ্রহণযোগ্য হয়নি। ফলে ২১০টি আবেদন যাচাই-বাছাই করে ১৪টি সভার মাধ্যমে চূড়ান্ত সুপারিশ তৈরি করে কমিটি।
প্রশাসনিক মন্ত্রণালয়ের লিখিত মতামত, বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের পরামর্শ ও প্রাসঙ্গিক নথিপত্র বিশ্লেষণ করে কমিটি ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করে।
পর্যালোচনায় দেখা যায়, গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জনসহ মোট ৭৮ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে ৩ ধাপ, ১৭ জনকে ২ ধাপ এবং ৫৫ জনকে ১ ধাপ পদোন্নতির সুপারিশ রয়েছে।
অন্যদিকে, ১৩২ জন কর্মকর্তাকে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়নি। তাদেরকে কেন পদোন্নতির সুপারিশ করা হয়নি প্রতিটি ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
