ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে স্বল্পমূল্যে গরুর মাংস রফতানি করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ জানিয়েছেন, বাংলাদেশ যদি দ্রুত ব্রাজিলের মাংসের হালাল সার্টিফিকেট অনুমোদন করে, তাহলে শিগগিরই কেজিপ্রতি মাত্র ১২০ থেকে ১২৫ টাকায় গরুর মাংস আমদানি সম্ভব হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ)–বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিল শুধু মাংস রফতানিই নয়, বরং বাংলাদেশে মিট প্রসেসিং কারখানা স্থাপন করতেও আগ্রহী। বাংলাদেশের উদ্যোক্তাদের সাথে যৌথভাবে কাজ করলে মাংস শিল্পে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, ব্রাজিল বাংলাদেশের গরু ও দুধ উৎপাদন বৃদ্ধিতে অংশীদার হতে চায়। একইসাথে বাংলাদেশ থেকে চামড়া ও জুতা আমদানি বাড়াতেও আগ্রহী দেশটি। আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ব্রাজিল ৩য় ফরেন অফিস কনসালটেশনে বাণিজ্য বিনিয়োগ, কৃষি ও শিল্পসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশের ফুটবলের উন্নয়নের দিকেও নজর দিয়েছে ব্রাজিল। রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ফুটবলে উন্নতি করতে চাইলে ব্রাজিল সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।”
আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ আগামী নভেম্বরে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত ফার্নান্দো বলেন, ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনের দায়ভার নিলেও তহবিলে প্রতিশ্রুত অর্থ দিতে গড়িমসি করছে। তিনি মনে করেন, জলবায়ুর ক্ষতি মোকাবেলায় সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম–সাকজেএফ এর নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন ইলিয়াস, সহসভাপতি ইমরুল কায়েস, সদস্য মিনাক্ষী দত্ত, ইমরান হোসেন ও মিথুন সরকার।
সূত্রঃ বাংলা ভিশন
