ডেস্ক রিপোর্টঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা চুরি করে দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দুই কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
বিমানবন্দর থানায় গত সোমবার (১৮ আগস্ট) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন। তবে জিডিতে বিষয়টি সরাসরি চুরি হিসেবে উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, ১৬ আগস্ট (শনিবার) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অকশন শেড থেকে ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ খুঁজে পাওয়া যায়নি।
অভিযোগ অনুযায়ী, জিজ্ঞাসাবাদে বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হক জানিয়েছেন, চাকার সেট একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়া হয়েছে। তবে এটি কর্তৃপক্ষকে জানানো হয়নি।
বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রতিটি চাকার দাম ৫ থেকে ১৫ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ১০টি চাকার মূল্য প্রায় কোটি টাকা। এসব চাকা ব্যবহারের পর অকশন শেডে রাখা ছিল।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানিয়েছেন, “বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ে। রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠার পর এবার নতুন করে সামনে এলো চাকা চুরির অভিযোগ।
