ডেস্ক রিপোর্টঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, ইনোভেশন, আইসিটি এবং যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ গ্রহণের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা যায়, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধের প্রস্তাব দেন। পরে উপস্থিত সকলে এ প্রস্তাবের পক্ষে মত দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, “সম্প্রতি পাশের উপজেলা মহেশপুরে মোবাইল নিষিদ্ধকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। জীবননগরেও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি আলোচনায় আসে। আজকের সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।”
ইউএনও আরও জানান, মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজল্যুশন সব স্কুল-কলেজে পাঠানো হবে এবং পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। সকলে সহযোগিতা করলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে।
