ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে পারেন ‘যদি তিনি চান’, কিন্তু সেজন্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটোতে যাওয়ার চেষ্টা বাদ দিতে হবে।
হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প আরও বলেছেন, ক্রাইমিয়া উপদ্বীপও আর ফিরে পাবে না ইউক্রেন।
ইউক্রেন যুদ্ধ শুরুর আট বছর আগে ২০১৪ সালে মস্কো ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সীমান্তভুক্ত করে নেয়।
শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেন ট্রাম্প। এই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধবিরতির দাবি ত্যাগ করে তার বদলে স্থায়ী শান্তি চুক্তির আহ্বান জানান।
রোববার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শান্তি চুক্তিতে ইউক্রেনের জন্য ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন পুতিন। ধারাবাহিকভাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
বিবিসি জানিয়েছে, রোববার (১৭ আগস্ট) রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রায় তাৎক্ষণিকভাবে বন্ধ করতে পারেন, যদি তিনি তা চান অথবা তিনি লড়াই চালিয়ে যেতে পারেন।”
