ডেস্ক রিপোর্ট: সরকারপুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজি) করেছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন— এপিবিএন-এর ডিআইজি মো. আলী হোসেন ফকির, এসবি’র ডিআইজি জি এম আজিজুর রহমান, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এসব পুলিশ কর্মকর্তাকে সুপারনিউমারারি ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজি) পদোন্নতি দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার সব আনুষ্ঠানিকতা পালন শেষে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে এসব কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে, খবর বাসস।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে ও পদ সৃজনের তারিখ থেকে সাতটি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর।
এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
