ডেস্ক রিপোর্ট: দেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেন, দেশের প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা যে পরিমাণ সরকারি বেতন-ভাতা পান, তা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবনযাপনের জন্য পর্যাপ্ত নয়।
তিনি বলেন, “শিক্ষকরা যদি স্বাভাবিক জীবনযাপন করতে না পারেন, তবে শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান কঠিন হয়ে পড়ে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। তাই শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই।”
শনিবার (৯ আগস্ট) পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী ফোরামের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া, ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আসাল উদ্দিন, ড. মাসুম রব্বানী আল আযহারী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমীর, প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আমির হোসাইন, দফতর সম্পাদক প্রভাষক আবু তাহের, কেন্দ্রীয় সদস্য প্রভাষক সুমন, প্রভাষক ওমর ফারুক, মুফতি রুহুল আমিনসহ অন্যান্য দায়িত্বশীলরা।
