নিজস্ব প্রতিনিধি, ঢাকাচ্যাট: আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ ও স্বচ্ছ করতে পুলিশ বাহিনীর জন্য অন্তত ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।
গতকাল (শনিবার, ৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ (রোববার, ১০ আগস্ট) জানানো হয়, ৪০ হাজার বডিক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং অক্টোবরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই বডিক্যামগুলো হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে। এগুলোতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা, যার জন্য পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণও দেওয়া হবে। বর্তমানে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে সরবরাহ নিয়ে আলোচনা চলছে।

প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রশিক্ষণ নিশ্চিত করতে। তিনি বলেন, “যেকোনো মূল্যে সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; আমাদের লক্ষ্য ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।”
এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন। অ্যাপটিতে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টারঅ্যাকটিভ সুবিধা থাকবে। প্রধান উপদেষ্টা নির্দেশ দেন যেন অ্যাপটি দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য ব্যবহারবান্ধব হয়।
